যোগ ও ন্যাচারোপ্যাথি বিষয়ে প্রথম ডিজিটাল লাইব্রেরি

২৫ জানুয়ারি, ২০২১ ১৯:২৪  
বুধবার বাংলাদেশে এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি বিষয়ে প্রথম ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন হতে যাচ্ছে। এই লাইব্রেরি তৈরির উদ্যোগ নিয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘হারমনি ট্রাস্ট’। এ বিষয়ে হারমনি ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিতাভ ভট্টাচার্য্য বলেন, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় প্রচলিত ধারার চিকিৎসার পাশাপাশি সারা বিশ্বে গুরুত্ব বাড়ছে যোগ, রিফ্লেক্সোলজি, আকুপ্রেশার কিংবা সুজোকের মতো ন্যাচারোপ্যাথির চিকিৎসা ও এর শাখাগুলোর। তবে, একদিকে যেমন নির্ভরযোগ্য বই ও গবেষণা প্রতিবেদনের অভাব, আর অন্যদিকে ত্রুটিপূর্ণ তথ্য কিংবা মিথ্যা দাবি সংবলিত প্রকাশনার ছড়াছড়ি- এ দুই কারণে ব্যাহত হচ্ছে ন্যাচারোপ্যাথি চর্চার প্রচার ও প্রসার। এই সমস্যার প্রেক্ষিতে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা হারমনি ট্রাস্ট গড়ে তুলছে ন্যাচারোপ্যাথি বিষয়ে বাংলাদেশের দেশের প্রথম ডিজিটাল লাইব্রেরি। বিশ্বের বিভিন্ন প্রান্তের যোগ, রিফ্লেক্সোলজি ও আকুপ্রেশারসহ ন্যাচারোপ্যাথির অন্যান্য শাখার নির্ভরযোগ্য বই ও গবেষণা প্রতিবেদনের সমাহার থাকছে সকলের জন্য উন্মুক্ত এই ই-লাইব্রেরিতে। আগ্রহী পাঠক যেকোনো সময় এখান থেকে বিনা মূল্যে সংগৃহীত প্রকাশনাগুলো ডাউনলোড করে পড়তে পারবেন।